সাধু যোসেফের স্বপ্ন—শিল্পী লুকা জর্দানো
প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনাকে আমাদের প্রভুর অনুগ্রহ ও করুণায় ঘুমানোর আমন্ত্রণ জানানো হয়। নতুন প্রাণশক্তি লাভ করতে ও সতেজ হয়ে উঠতে আপনাকে তাঁর বাহুতে বিশ্রাম নিতে আমন্ত্রণ জানানো হয়। ঘুম প্রার্থনার একটি প্রতিচ্ছবি এবং প্রকৃতপক্ষে তা প্রার্থনার একটি রূপ হয়ে উঠতে পারে। বিশ্রাম নেওয়া মানে ঈশ্বরে বিশ্রাম নেওয়া। আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন ঈশ্বরের উদ্দেশে প্রার্থনা হয়ে ওঠে এবং তাঁর হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন আপনার বিশ্রামের ছন্দ হয়ে ওঠে (দেখুন ডায়েরি #486)।
আপনি কি ঈশ্বরের সান্নিধ্যে ঘুমান? ভেবে দেখুন। ঘুমাতে যাওয়ার সময় আপনি কি প্রার্থনা করেন? আপনি কি আমাদের প্রভুকে অনুরোধ করেন, যেন তিনি আপনাকে তাঁর অনুগ্রহে ঘিরে রাখেন এবং তাঁর কোমল বাহুতে জড়িয়ে ধরেন? ঈশ্বর অতীতের সাধু-সাধ্বীদের সঙ্গে তাঁদের স্বপ্নের মাধ্যমে কথা বলেছেন। তিনি পবিত্র নরনারীদের গভীর বিশ্রাম দিয়েছেন, যেন তাঁরা আবার সতেজ হয়ে ওঠেন এবং শক্তি লাভ করেন। আজ রাতে ঘুমানোর জন্য মাথা রাখার সময় আমাদের প্রভুকে আপনার মন ও হৃদয়ে আমন্ত্রণ জানানোর চেষ্টা করুন। আর ঘুম থেকে উঠে সবার আগে তাঁকেই সম্ভাষণ জানান। প্রতি রাতের বিশ্রাম যেন হয়ে ওঠে তাঁর ঐশ করুণায় বিশ্রাম।
প্রভু, প্রতিটি দিনের ছন্দের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। সারা দিন তুমি যেভাবে আমার সঙ্গে পথ চলো, তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই; আর আমার বিশ্রামের সময়ও আমার সঙ্গে থাকার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আজ রাতে আমার বিশ্রাম ও আমার স্বপ্নগুলো তোমার কাছে নিবেদন করি। তোমাকে আমন্ত্রণ জানাই, আমাকে তোমার কাছে জড়িয়ে রাখো, যেন তোমার করুণাময় হৃদয় সেই কোমল ধ্বনি হয়ে ওঠে, যা আমার ক্লান্ত আত্মাকে প্রশান্তি দেয়। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।
পাস্কাকালের জন্য পবিত্র শাস্ত্রভিত্তিক ধ্যান




