বাংলা

ধ্যান 207: খ্রিস্টের হৃদয়ে সান্ত্বনা খোঁজা

শিশু ও স্বর্গদূতদের সঙ্গে মাতা মারিয়া, জোভান্নি বাত্তিস্তা সালভি দা সাসসোফেররাতোর আঁকা, CC BY-SA 4.0, উইকিমিডিয়া কমন্স-এর মাধ্যমে

ভিডিও

শিশুরা প্রায়ই স্নেহময় ও কোমলহৃদয় মা বা বাবার গা ঘেঁষে থেকে গভীর সান্ত্বনা পায়।  ভালোবাসার এই বাহুবন্ধনে জড়িয়ে থাকার মধ্যে রয়েছে গভীর তৃপ্তি।  এই মুহূর্তগুলোতে ভয় ও দুশ্চিন্তা দূর হয়, আর মন কষ্টে থাকলে শান্তি ও স্বস্তি ফিরে আসে।  আমাদের প্রভুর সঙ্গেও এমনই হওয়া চাই।  সমস্ত সান্ত্বনার উৎসের কাছে আমাদের ক্লান্ত সত্তাকে নিয়ে গেলে যে আধ্যাত্মিক সান্ত্বনা পাওয়া যায়, আমাদের অবশ্যই তা খুঁজতে হবে।  আমাদের প্রভুর হৃদয়ের কাছে এলে যেকোনো অস্থিরতার মাঝেও শান্তি আসে।  মানসিক চাপ, হতাশা, আঘাত ও বিভ্রান্তি দূর হয়ে যায় এবং তাদের জায়গায় আসে আস্থা ও নিরাপত্তার অনুভূতি।  প্রভুর হৃদয় এমনভাবে স্পন্দিত হয় যে, তা আমাদের তার ছন্দে আশ্রয় নিতে আহ্বান জানায়।  প্রতিটি স্পন্দনের সঙ্গে তাঁর মমতা ও করুণা প্রবাহিত হয়, আর তাঁর অমূল্য রক্ত অনুগ্রহের চাদরের মতো আমাদের ঢেকে রাখে।  সান্ত্বনার এই উৎসের কাছে ছুটে যান এবং আপনার ঈশ্বরের করুণাময় হৃদয়কে আপনার বিশ্রামস্থল হতে দিন (দেখুন দিনলিপি #1074)।

প্রার্থনার সময় আপনি কি আমাদের প্রভুর করুণাময় হৃদয়ে সান্ত্বনা ও স্বস্তি খুঁজে পান?  যে অন্তরঙ্গতার অংশীদার হতে আপনাকে আহ্বান জানানো হয়েছে, তা নিয়ে ধ্যান করুন।  এই অন্তরঙ্গতা মানুষের দেওয়া যেকোনো সান্ত্বনার ঊর্ধ্বে এবং তা এমন এক অনুগ্রহ দান করে, যা আপনার আত্মাকে করুণা ও শান্তিতে প্লাবিত করে।  স্নেহময় মা বা বাবার কোলে একটি ছোট শিশুর সান্ত্বনা পাওয়ার দৃশ্যটি নিয়ে ভাবুন।  আমাদের প্রভু আপনাকে যে যত্নে আগলে রাখতে চান, এটি তার এক ঝলকমাত্র।

স্বর্গীয় পিতা, আমাকে তোমার কাছে এবং তোমার পুত্রের হৃদয়ের কাছে টেনে নাও।  জীবনের সব বিষয়ে এবং কষ্টের প্রতিটি মুহূর্তে আমি যেন তোমার দিকে ফিরে যাই।  আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করি এবং মমতা ও ভালোবাসায় পূর্ণ তোমার হৃদয় আঁকড়ে ধরি।   তোমার হৃদয় যেন আমার ক্লান্ত আত্মার বিশ্রামস্থল হয়।  আমার ঈশ্বর, আমি তোমাকে ভালোবাসি এবং তোমারই আশ্রয় নিই, কেবল তোমারই।  যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

জুলাই 26 –সাধু জোয়াকিম ও সাধ্বী আন্না
এ বছর দিনটি রবিবারে পড়ায় লিটার্জিক্যাল স্মৃতিদিবস হিসেবে পালিত হচ্ছে না

ঐশ করুণা বিষয়ক আরও ধ্যান

সুসমাচার বিষয়ক দৈনিক ধ্যান

আজকের সাধু-সাধ্বী ও পর্বসমূহ