পরম পবিত্র ত্রিত্ব, শিল্পী: লরেন্স ওপি, CC BY-NC-ND 2.0।
আপনি যাঁকে ভালোবাসেন, তাঁর সঙ্গে কেমন আচরণ করবেন? সাধারণত পরিবারের সদস্যদের বা খুব ঘনিষ্ঠ বন্ধুদের জন্য আমরা তা-ই চাই, যা তাঁদের জন্য সবচেয়ে ভালো এবং যা তাঁদের সুখী করে। ঈশ্বরও আমাদের প্রত্যেকের জন্য তা-ই চান, কিন্তু ঈশ্বর কোনটিকে আমাদের সুখের উৎস বলে দেখেন এবং কোনটিকে আমাদের জন্য সবচেয়ে ভালো বলে মনে করেন, তা জেনে আমরা অবাক হতে পারি। তাছাড়া, প্রত্যেক আত্মার প্রতি ঈশ্বরের ভালোবাসা পরিপূর্ণ হলেও এ কথাও যথার্থ যে, যাঁরা তাঁর কাছে এগিয়ে আসেন, তাঁদের প্রতি ঈশ্বরের ভালোবাসা আরও গভীর হয়। এর অর্থ এই নয় যে তাঁর ভালোবাসা বদলে যায়; বরং তাঁর ভালোবাসাকে আরও গভীর স্তরে গ্রহণ ও অনুভব করা হয়। যখন এমনটি ঘটে, তখন ঈশ্বর গভীরভাবে তাঁর ভালোবাসা প্রকাশ করতে পারেন। আর যখন কোনো আত্মা ঈশ্বরের ভালোবাসাকে গভীরতম স্তরে গ্রহণ করে, তখন সেই ভালোবাসা প্রায়ই তাকে কষ্টভোগের পথে আহ্বান করে। এতে আপনি অবাক হলে, যিশুর প্রতি পিতার পরিপূর্ণ ভালোবাসার কথা একটু ভাবুন। পুত্রের প্রতি তাঁর পরিপূর্ণ ভালোবাসায় পিতা তাঁকে ক্রুশবরণ করতে আহ্বান করেছিলেন। কিন্তু সেই ক্রুশেই যিশুর মানবাত্মা পিতার ভালোবাসাকে সবচেয়ে গভীরভাবে প্রকাশ করতে পেরেছিল। এই রহস্য বোঝা কঠিন, তাই তা সঙ্গে সঙ্গে উপলব্ধি করতে অসুবিধা হলে উদ্বিগ্ন হবেন না। শুধু এটুকু জানুন যে, যাঁদের ঈশ্বর তাঁর সঙ্গে গভীর অন্তরঙ্গতায় টেনে নিয়েছেন, তাঁদের জীবনে তিনি প্রায়ই তীব্র আধ্যাত্মিক কষ্টভোগের অনুমতি দেন (দেখুন দিনলিপি #1253)।
পিতার সেই পরিপূর্ণ ভালোবাসা নিয়ে ধ্যান করুন, যে ভালোবাসায় তিনি তাঁর পুত্রকে ক্রুশবরণ করতে আহ্বান করেন। এই বিষয়টি নিয়ে নীরবে ভাবুন এবং এর গভীর অর্থ উপলব্ধি করার চেষ্টা করুন। পিতার ভালোবাসা কীভাবে পুত্রকে এই আত্মবলিদানের জন্য আহ্বান করতে পারে, তা যদি আপনি বুঝতে পারেন, তবে ঈশ্বর যখন আপনাকে আত্মত্যাগের জীবনে আহ্বান করেন, তখন আপনার প্রতি তাঁর পরিপূর্ণ ভালোবাসাও আপনি বুঝতে শুরু করবেন। মনে করবেন না যে ঈশ্বরের ভালোবাসা আপনার জীবনকে “সহজ” করে তুলবে। তাঁর ভালোবাসা আপনার জীবনকে মহিমান্বিত করে তুলবে, তবে খুব সম্ভবত কষ্টভোগের মধ্য দিয়েই।
পিতা, তোমার পুত্র যিশুর কষ্টভোগের রহস্য আমার বোধের অতীত। তোমার রহস্যময় ইচ্ছাকে আরও পূর্ণভাবে বুঝতে এবং এই জীবনে কষ্টভোগ যে প্রায়ই তোমার ভালোবাসার চিহ্ন, তা উপলব্ধি করতে আমাকে সাহায্য করো। প্রিয় প্রভু, সবকিছুর মধ্যে আমার দৃষ্টি ক্রুশের ওপর স্থির রাখো। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।
ধর্মবর্ষের সাধারণ কালের জন্য পবিত্র শাস্ত্রের ধ্যান




