বাংলা

ধ্যান 310: শয়তানের নির্বুদ্ধিতা

সাধু অ্যান্টনির প্রলোভন, শিল্পী: দোমেনিকো ঘিরলান্দাইয়ো

ভিডিও

শয়তান সত্যিই আছে এবং তার প্রলোভনও বাস্তব। সে আপনাকে নিখাদ ঘৃণা করে এবং আপনার ধ্বংস চায়। এটি জেনে রাখা ভালো। কিন্তু শয়তান খুবই ধূর্ত এবং কৌশলে মানুষকে নিজের ইচ্ছেমতো চালাতে পারে। সে খুব কমই আপনাকে ডাহা মিথ্যা বলবে, কারণ সে জানে, এই প্রলোভন সম্ভবত আপনাকে প্রভাবিত করতে পারবে না। বরং সে আপনাকে বিভ্রান্ত করার মতো কথা বলতে চায়—আংশিক সত্য বিষয়গুলো তুলে ধরে সেগুলোর সঙ্গে সূক্ষ্ম মিথ্যা মিশিয়ে দেয়, যাতে আপনাকে বিপথে নিয়ে যেতে পারে। আপনি হয়তো দেখবেন, এই বিষয় বা ওই বিষয় নিয়ে আপনি আচ্ছন্ন হয়ে পড়ছেন। আর হয়তো দেখবেন, আপনার যুক্তি কিছুটা অর্থবহ মনে হলেও, ভাবতে ভাবতে আপনি দুঃখ ও বিভ্রান্তি অনুভব করতে শুরু করছেন। সেই মুহূর্তগুলোতে চিন্তা থামিয়ে ঈশ্বরের করুণার কাছে ছুটে যান। আপনার চিন্তা যখন ঈশ্বরে নিমগ্ন থাকে, তখন আপনি সতেজ ও ভারমুক্ত বোধ করেন। আপনার মধ্যে নতুন আনন্দ ও স্পষ্টতা আসতে শুরু করে। কিন্তু শয়তান যখন আপনাকে নিজের ইচ্ছেমতো চালাতে শুরু করে, তখন আপনার অন্তরাত্মায় এর বিপরীত প্রভাব অনুভূত হয়। তার গোপন ছলনাগুলোর প্রতি সজাগ থাকুন এবং সেগুলোকে কোনো গুরুত্ব দেবেন না (দেখুন ডায়েরি 1497-1499)।

আজ আপনার চিন্তার প্রক্রিয়া নিয়ে ধ্যান করুন। এখানেই প্রলোভনকারী তার সবচেয়ে ক্ষতিকর কাজটি করে। কোনো না কোনো পরিস্থিতি বোঝার চেষ্টা করতে গিয়ে আপনার কেমন লেগেছে, তা নিয়েও ভাবুন। বিশেষ করে আপনার চিন্তার ফলাফলের দিকে লক্ষ রেখে বিভিন্ন আত্মার প্রভাব বিচার-বিবেচনা করতে নিজেকে নিয়োজিত করুন। যখনই আপনি বিভ্রান্ত হন বা ভুল পথে চালিত হন, প্রভু আপনাকে তাঁর করুণার কাছে ছুটে যেতে আহ্বান করেন। এই মুহূর্তগুলোর প্রতি সজাগ থাকুন এবং জেনে রাখুন, এগুলো শয়তানের প্রলোভন হতে পারে। সর্বদা প্রভুর ওপর ভরসা রাখুন এবং নিরন্তর আপনার চিন্তাভাবনা তাঁর পবিত্র করুণার কাছে সমর্পণ করুন।

প্রভু, দয়া করে শয়তানের মিথ্যা ও ফাঁদ থেকে আমাকে সর্বদা রক্ষা করো। তোমার পরম পবিত্র নামে আমি তাকে ও তার কাজগুলোকে ধিক্কার জানাই এবং আমার সমস্ত চিন্তাভাবনা তোমার হাতে সমর্পণ করি। এসো, আমার জীবনে তোমার করুণা ও সত্য ঢেলে দাও এবং সমস্ত অন্ধকার ও বিষণ্ণতা দূর করো। প্রিয় প্রভু, আমি তোমাকে ভালোবাসি। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে!
নতুন বিষয়বস্তু সম্পর্কে বিজ্ঞপ্তি পান।

ঐশ করুণা বিষয়ক আরও ধ্যান

সুসমাচার বিষয়ক দৈনিক ধ্যান

আজকের সাধুসন্ত ও পর্বসমূহ